দেশের পরিচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

স্ট্যাটাসে বারিশা হক লিখেছেন, ‘ইতিমধ্যে আমার ফেসবুক আইডি নষ্ট করে দেওয়া হয়েছে। আমার রিজিক কেড়ে নিতে চান, নিয়ে যান। সৃষ্টিকর্তা আপনাকে ছেড়ে দেবেন না, বলে দিলাম।’

বারিশার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে কারা তাঁর ফেসবুক আইডি নষ্ট করেছেন কিংবা কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্ট্যাটাসে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ ঘটনায় কারও নামও উল্লেখ করেননি।

মডেলিং, উপস্থাপনা ও নৃত্যশিল্পের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন বারিশা হক। তবে বর্তমানে ব্র্যান্ড প্রমোটার হিসেবেই বেশি পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারে নিয়মিত কাজ করেন এই মডেল।

Source: জাগো নিউজ২৪