ছয় দশকেরও বেশি সময় ধরে উপমহাদেশের সংগীতজগতে সক্রিয় আছেন রুনা লায়লা। বাংলা, হিন্দি ও উর্দুসহ ১৭টি ভাষায় গান গেয়ে কোটি শ্রোতার মন জয় করেছেন এই শিল্পী। সংগীতজীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। তবে তাঁর এই দীর্ঘ পথচলা সব সময় মসৃণ ছিল না; বিশেষ করে পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরার পর তাঁকে নানান প্রতিকূলতা, সহশিল্পীদের ঈর্ষা এবং বয়কটের চেষ্টার মুখোমুখি হতে হয়েছে। আজ ১৭ নভেম্বর এই কিংবদন্তিতুল্য শিল্পীর জন্মদিন।

শৈশবে রুনা লায়লা সংগীতশিল্পী নয়, বরং নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। বাবার চাকরির সুবাদে তাঁর বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে। মা আমিনা লায়লা তাঁকে করাচির বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে ভর্তি করান। সেখানে চার বছর কত্থক ও ভরতনাট্যমের তালিম নেন তিনি; তাঁর শিক্ষক ছিলেন আফরোজা বুলবুল। নাচের প্রতি এতটাই টান ছিল যে ছোটবেলায় নানির দেওয়া টাকা দিয়ে অন্য কিছু না কিনে এক জোড়া ঘুঙুর কিনেছিলেন রুনা লায়লা। সেই ঘুঙুর পরে তিনি বাড়িজুড়ে নেচে বেড়াতেন।

তবে ভাগ্য তাঁকে টেনে নিয়ে যায় সংগীতের জগতে। বড় বোন দিনা লায়লা গানের তালিম নিতেন। বোনের গান শুনতে শুনতে সেগুলো মুখস্থ করে ফেলতেন ছোট্ট রুনা। একদিন ওস্তাদ আবদুল কাদের তাঁর কণ্ঠে গান শুনে মুগ্ধ হন এবং ভবিষ্যদ্বাণী করেন, একদিন এই মেয়ে সংগীতজগতে অনেক সুনাম অর্জন করবে। পরবর্তীকালে সেই কথাই সত্যি হয়।

১৯৬৪ সালের ২৪ জুন করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন রুনা লায়লা। পরের বছর ‘জুগনু’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান মুক্তি পায়। তখন তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। উর্দু ছবিটির ‘গুড়িয়া সি মুন্নি মেরি’ গান দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তাঁর। পরিবারের সম্মতি নিয়েই এই সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমদিকে বাবা চলচ্চিত্রে গান গাওয়ার ব্যাপারে রাজি না হলেও মায়ের প্রচেষ্টায় শেষ পর্যন্ত অনুমতি মেলে। অল্প বয়সেই পাকিস্তানের সংগীতজগতে পরিচিতি পেতে শুরু করেন রুনা লায়লা। সত্তরের দশকের শুরুতে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতে। একসময় পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী নূরজাহানের পর আলোচনায় উঠে আসে তাঁর নাম।

তবে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হয় পাকিস্তান ছেড়ে বাংলাদেশে ফেরার পর। সত্তরের দশকের মাঝামাঝি দেশে ফিরে নানান প্রতিকূলতার মুখোমুখি হন তিনি। তাঁর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সংগীতাঙ্গনের কেউ কেউ দূরত্ব তৈরি করেন। এমনকি একপর্যায়ে তাঁকে বয়কটেরও চেষ্টা করা হয়। সমসাময়িক অনেক শিল্পী তাঁর সঙ্গে মঞ্চে গান গাইতে কিংবা একসঙ্গে কাজ করতে অনাগ্রহ দেখান। কিন্তু এসব বাধায় কখনো ভেঙে পড়েননি রুনা লায়লা; বরং নিজের কাজের মধ্য দিয়েই সবকিছুর জবাব দিয়েছেন।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি জানান, বয়কটের খবর ছড়িয়ে পড়লেও সংগীত পরিচালক, মিউজিশিয়ান ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা তাঁর সঙ্গে কাজ করেছেন। সবচেয়ে বড় বিষয় ছিল শ্রোতাদের ভালোবাসা। সেই ভালোবাসার কারণেই শেষ পর্যন্ত বয়কটের চেষ্টা সফল হয়নি। জীবনের নানান প্রতিকূলতা নিয়ে রুনা লায়লার উপলব্ধি, ইতিবাচক মানসিকতা ও মনের জোর থাকলে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব। তিনি কখনো কাউকে অনুরোধ করে কাজ চাননি; বরং আল্লাহর রহমতে কাজের প্রস্তাব তাঁর কাছেই এসেছে। কঠিন সময়ে পরিবারের সমর্থন এবং শ্রোতাদের ভালোবাসাই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।

সংগীতাঙ্গনের নানান নেতিবাচক অভিজ্ঞতা নিয়েও প্রতিশোধপরায়ণ হননি এই শিল্পী। তাঁর বিশ্বাস, মানুষ ভালো কিংবা খারাপ যা-ই করুক, তার বিচার একদিন হবেই। তাই যারা তাঁর বিরোধিতা করেছেন, তাদের প্রতিও কখনো খারাপ মনোভাব পোষণ করেননি তিনি। নিজের কাজ, পরিবার ও মানুষের উপকার করাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখেছেন তিনি।

দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, ফারসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ ১৭টি ভাষায় গান গেয়েছেন। পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন তিনি। ১৯৮২ সালের ১ ডিসেম্বর প্রকাশিত হয় তাঁর ‘সুপার রুনা’ অ্যালবাম। বাপ্পি লাহিড়ীর সুরে গাওয়া গান নিয়ে প্রকাশিত অ্যালবামটি প্রথম দিনেই এক লাখ কপি বিক্রি হয়। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে রুনা লায়লাকে দেওয়া হয় গোল্ড ডিস্ক।

ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন রুনা লায়লা। আজও তাঁর কণ্ঠে মুগ্ধ হন বিভিন্ন প্রজন্মের শ্রোতা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে নিজের প্রতিভা ও সাধনায় তিনি হয়ে উঠেছেন উপমহাদেশের সংগীতের এক অনন্য নাম।

Source: জাগো নিউজ২৪