দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান তাঁর অভিনয়ের জন্য যেমন পরিচিত, তেমনি ব্যক্তিগত জীবনও বহুবার আলোচনায় এসেছে। একাধিক সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তাঁর জীবনে। এর মধ্যে প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে বিচ্ছেদের পর খোরপোশের অর্থ দিতে গিয়ে আর্থিকভাবে সর্বস্বান্ত হওয়ার দাবি একসময় করেছিলেন এই অভিনেতা। ওই দাবির পাল্টা জবাব দিয়েছিলেন বাণীও।
২০১৫ সালে মেয়ে শ্রুতি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন কমল। সেই সাক্ষাৎকারে প্রথম স্ত্রী বাণীর সঙ্গে বিচ্ছেদের পর আর্থিক দুরবস্থার প্রসঙ্গও উঠে আসে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, বিচ্ছেদের পর খোরপোশের অর্থ পরিশোধ করতে গিয়ে তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। এমনকি ব্যাংক অ্যাকাউন্টও শূন্য হয়ে পড়েছিল। ভাড়া বাড়িতে থেকে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল তাঁকে। তবে সে সময় অভিনয়ের ক্যারিয়ার ভালো চলায় দ্রুত আর্থিক পরিস্থিতি সামলে উঠতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন কমল।
সাক্ষাৎকারে কমল বলেছিলেন, ‘সমস্ত খোরপোশের টাকা মেটাতে গিয়ে আমার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না।’
তবে অভিনেতার এই বক্তব্য মেনে নেননি বাণী গণপতি। এক সাক্ষাৎকারে কমলের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছিলেন তিনি। পাল্টা প্রশ্ন তুলে বাণী জানতে চেয়েছিলেন, বিচ্ছেদের পর তাঁকে কত টাকা খোরপোশ দিতে হয়েছিল যে কমল একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন।
বাণীর মতে, কোনো আদালতই এমন বিপুল অঙ্কের খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় না, যাতে একজন নারী সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারেন।
কমলের ভাড়া বাড়িতে থাকার দাবিরও বিরোধিতা করেছিলেন তিনি। বাণীর ভাষ্য, বিয়ের সময়ও তাঁরা ভাড়া বাড়িতেই থাকতেন। তাই বিচ্ছেদের পর বিশাল প্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল—এমন ধারণা তৈরি করা ঠিক নয়।
এখানেই থামেননি বাণী। কমলকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘কমল কখনো নিজের ভুলের দায় নেন না।’ তাঁর মতে, নিজের সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন—কোনো ক্ষেত্রেই ব্যর্থতার দায় স্বীকার করতে চান না অভিনেতা।
১৯৭৮ সালে বাণী গণপতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কমল হাসান। ১৯৮৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এর মধ্যেই অভিনেতার জীবনে আসেন সারিকা। ১৯৮৬ সালে তাঁদের প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম হয়। পরে বিয়ে করেন তাঁরা। ১৯৯১ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় মেয়ে অক্ষরা। ২০০৪ সালে সারিকার সঙ্গেও বিচ্ছেদ হয় কমলের। এরপর অভিনেত্রী গৌতমীর সঙ্গে দীর্ঘ ১৩ বছর একত্রবাসে ছিলেন কমল। ২০১৬ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবন নানা সময়ে আলোচনায় এলেও প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে খোরপোশ নিয়ে তাঁর পুরোনো মন্তব্য ও পাল্টা বক্তব্য এখনো আলোচনার বিষয়।
Source: জাগো নিউজ২৪






