বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। সেই সিনেমা ঘিরে তাঁর মনে আবেগ ও প্রত্যাশা—দুটোই কাজ করছে। মুক্তির আগে নিজের পাশাপাশি সিনেমার পুরো কলাকুশলীদের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনটির অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ভাবনা।

সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, ভালোবাসা ও পরিশ্রমের কথা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪