স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শনিবার (১৪ নভেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জিন্নাত আরা জামান। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই গীতিকার। গত বৃহস্পতিবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শনিবার রাতে প্রচণ্ড পেটব্যথা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
রফিকউজ্জামানের শারীরিক অবস্থা প্রসঙ্গে জিন্নাত আরা জামান বলেন, ‘ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যথা হচ্ছিল। রাত সাড়ে ১০টা-১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এর আগেও বেশ কয়েক দিন ধরে তাঁর অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল। গত ১০ নভেম্বর তাঁর স্ত্রী জানিয়েছিলেন, পড়ে গিয়ে শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন রফিকউজ্জামান। ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছিল। কথাবার্তা বলতেন খুব কম, ঘুমও হচ্ছিল না ঠিকমতো।
জিন্নাত আরা জামান আরও জানিয়েছিলেন, চলতি মাসের শুরুতে রফিকউজ্জামানের ভার্টিগো রোগ শনাক্ত হয়। পরে নিউরো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছিল। তবে সেসব পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক ছিল না। পরবর্তী সময়ে এমআরআই ও রক্ত পরীক্ষারও উদ্যোগ নেওয়া হয়।
রিপোর্টের বিষয়ে জানতে চাইলে রোববার জিন্নাত আরা জামান জানান, পরীক্ষার ফল ভালো আসেনি। চিকিৎসকরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তিনি আশা করছেন, রোববার চিকিৎসকদের একটি বৈঠকের পর তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে প্রখ্যাত এই গীতিকারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী।
মোহাম্মদ রফিকউজ্জামান আধুনিক বাংলা গানের জগতের এক উজ্জ্বল নাম। কবিতা লেখার মধ্য দিয়ে তাঁর সাহিত্যচর্চার শুরু। পরে গানের কথা লিখে পরিচিতি পান তিনি। ১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রের জন্য নিয়মিত গান লেখা শুরু করেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গানের কথা লিখেছেন তিনি। গীতিকার পরিচয়ের পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর।
১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন।
Source: জাগো নিউজ২৪






