চোখের সামনে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ছে, সেটে তখন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সবাই—এমন এক ভয়াবহ মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। ২০২০ সালে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিংয়ের সময় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী।

ওই দুর্ঘটনা তাঁর জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে বলে জানিয়েছেন কাজল। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর আধ্যাত্মিকতার প্রতি তাঁর আগ্রহ বেড়েছে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে।

সাক্ষাৎকারে কাজল জানান, হঠাৎ করেই সেটে হইচই শুরু হয়। প্রাণ বাঁচাতে সবাই ছোটাছুটি করতে থাকেন। দৌড়াতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এরপর পেছনে ফিরে তাকিয়ে দেখতে পান, বিশাল একটি ক্রেন তাঁর দিকেই ভেঙে পড়ছে।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কাজল বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটা ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর দীর্ঘদিন তাঁর মধ্যে আতঙ্ক ও কৃতজ্ঞতা—দুই ধরনের অনুভূতিই কাজ করেছে। জীবনের অনিশ্চয়তা তিনি নতুন করে উপলব্ধি করেছেন। ধীরে ধীরে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ে তাঁর; বিশেষ করে কৃষ্ণের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

দুর্ঘটনার প্রায় চার বছর পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। কমল হাসান অভিনীত সিনেমাটি অবশ্য বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে শুটিংয়ে ঘটে যাওয়া ওই ভয়াবহ দুর্ঘটনা এখনো কাজলের স্মৃতিতে অমলিন হয়ে আছে।

Source: জাগো নিউজ২৪