একসময় ঢাকাই চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক, প্রথম ছবিতেই বাপ্পারাজের সঙ্গে জুটি—‘ঢাকা ৮৬’ সিনেমা দিয়ে পরিচিতি পাওয়া সেই অভিনেত্রী রঞ্জিতা এবার ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন। শহুরে জীবনের খরচ সামলাতে হিমশিম খাওয়ার কারণে ছেলেকে নিয়ে ঢাকার জীবন ছেড়ে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের এক পোস্টে রঞ্জিতা লিখেছেন, মধ্যবিত্ত পরিবারের অনেকের মনেই প্রশ্ন জাগে—যেখানে গ্যাস আসে না, সেখানে প্রতি মাসে লাইনের গ্যাসের বিল দিতে হয় কেন। এখানেও ছাড় নেই বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, কষ্ট করে বিদ্যুতের চুলা জ্বালাতেও ভয় পান তিনি। প্রিপেইড কার্ডে মাসে কত টাকা রিচার্জ করতে হয়, সে প্রসঙ্গও তুলে এনেছেন অভিনেত্রী; সেখানেও শান্তি নেই বলে মন্তব্য তাঁর। বিদ্যুতের রেটও বেড়েছে, অথচ আয়-রোজগার বাড়েনি—এমনটাই লিখেছেন তিনি।
নিজের বক্তব্যকে রাজনৈতিক বিতর্কে না জড়ানোর অনুরোধও জানিয়েছেন রঞ্জিতা। তিনি লিখেছেন, তিনি রাজনীতি বোঝেন না, সহজ ভাষায় ‘পেটনীতি’ বোঝেন। মনের কষ্টের কথা বলেছেন, এটিকে কোনো রাজনীতির দিকে টেনে নেওয়া যাবে না বলে অনুরোধ করেন তিনি। দেশের নাগরিক হিসেবে বছরের পর বছর ভয়ে কিছু পোস্ট করেননি বলে উল্লেখ করেন অভিনেত্রী; তবে ভয় পেলে কেউ এসে তাঁর সমস্যাগুলো সমাধান করবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। বাবা-মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে নিজের সমস্যা নিজেকেই সামলাতে হচ্ছে বলে মন্তব্য তাঁর।
রঞ্জিতার দাবি, ছেলের বাবা তাঁর খোঁজখবর নেন না; এমনকি ঈদের সময়ও বাবা ও ছেলের মধ্যে ফোনে শুভেচ্ছা বিনিময় হয় না।
একসময় চলচ্চিত্রে বেশ ব্যস্ত সময় কেটেছে রঞ্জিতার। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় অভিনয়ের পর পরিচিতি পান তিনি। এরপর ‘রাজামিস্ত্রী’, ‘জীনের বাদশা’, ‘কংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’সহ প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এক ডজনেরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।
ক্যারিয়ারের সোনালি সময়ে ১৯৯২ সালে অভিনেতা ও প্রযোজক জাহাঙ্গীরকে বিয়ে করেন রঞ্জিতা। তবে ছয় বছরের মাথায় সেই সংসারের বিচ্ছেদ ঘটে। তাঁদের এক ছেলে রয়েছে। এবার সেই ছেলেকে নিয়েই ঢাকার ব্যস্ত জীবন ছেড়ে গ্রামের বাড়িতে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী।
Source: জাগো নিউজ২৪






