আজ ২৯ নভেম্বর জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর নেওয়া উদ্যোগ তাঁকে এ দেশের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।
একটি গান, একটি কনসার্ট—আর তাতেই বিশ্বের সামনে নতুন করে আলোচনায় এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে যখন পাকিস্তানি বাহিনীর গণহত্যায় বিপর্যস্ত বাংলাদেশ, লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছিলেন, তখন সুদূর যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে এসেছিলেন এক বিশ্বখ্যাত সংগীতশিল্পী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর পেলেন রবিশঙ্করের মাধ্যমে
জর্জ হ্যারিসনের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সম্পর্ক ছিল গভীর। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বন্ধুত্বের সূত্রেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন তিনি। ১৯৭১ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে কাজ করার সময় রবিশঙ্কর তাঁকে বাংলাদেশের শরণার্থীদের জন্য একটি কনসার্ট আয়োজনের প্রস্তাব দেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত মুক্তিযুদ্ধের খবরও পাঠাতে থাকেন।
কনসার্টের প্রস্তুতি ও অংশগ্রহণকারীরা
রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল শুরুতেই সম্মতি দেন। বব ডিলান ও এরিক ক্ল্যাপটনের অংশগ্রহণ নিয়েও কিছুটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত তাঁরাও কনসার্টে যোগ দেন। তবে জন লেনন শেষ মুহূর্তে অংশ নিতে পারেননি।
গান ‘বাংলাদেশ’ প্রকাশ
কনসার্ট আয়োজনের পাশাপাশি বাংলাদেশের জন্য একটি গানও তৈরি করেন হ্যারিসন। ১৯৭১ সালের জুলাইয়ে প্রকাশিত হয় ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি। সেখানে যুদ্ধ ও শরণার্থী সংকটে বিপর্যস্ত মানুষের কথা তুলে ধরে বিশ্ববাসীকে সাহায্যের আহ্বান জানান তিনি। গানটি কেবল সংগীত পরিবেশনা ছিল না; বরং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বাংলাদেশের পরিস্থিতি পৌঁছে দিতে গানটি বিশেষ ভূমিকা রাখে।
‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। প্রথমে একটি কনসার্টের পরিকল্পনা থাকলেও টিকিটের সব কপি বিক্রি হয়ে যাওয়ায় একই দিনে বিকেল ও রাতে দুটি আয়োজন করতে হয়। দুই কনসার্টে মিলিয়ে প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পরে মঞ্চে আসেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন ও লিওন রাসেল। হ্যারিসন পরিবেশন করেন ‘মাই সুইট লর্ড’, ‘হোয়াইল মাই গিটার জেন্টলি উইপস’ ও ‘হিয়ার কামস দ্য সান’। সবশেষে গেয়ে শোনান বাংলাদেশের জন্য লেখা নিজের গান ‘বাংলাদেশ’।
অর্থ সংগ্রহ ও ইউনিসেফে দান
কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রায় আড়াই লাখ ডলার সংগ্রহ হয়েছিল। একই বছরের ডিসেম্বরে তিনটি রেকর্ড নিয়ে প্রকাশিত হয় অনুষ্ঠানটির অ্যালবাম। ১৯৭২ সালে মুক্তি পায় কনসার্ট নিয়ে নির্মিত চলচ্চিত্র। অ্যালবাম ও চলচ্চিত্র থেকেও পরবর্তী সময়ে অর্থ সংগ্রহ করা হয়, যা ইউনিসেফ পরিচালিত শিশুদের কল্যাণমূলক তহবিলে দেওয়া হয়।
পরিবারের সম্পর্ক অব্যাহত
হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসন ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্বামী প্রায়ই বলতেন, বাংলাদেশের জন্য তাঁর আরও কিছু করার ছিল। হ্যারিসনের কাছে কনসার্টটির সার্থকতা ছিল বাংলাদেশের মানুষের কথা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারা।
জর্জ হ্যারিসনের মৃত্যুর পরও বাংলাদেশের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁর স্ত্রী অলিভিয়া হ্যারিসন ‘জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১১ সালের ফেব্রুয়ারিতে এই তহবিলের কার্যক্রম দেখতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকার বাইরেও দরিদ্র শিশু-কিশোরদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া হ্যারিসন বিটলসের সদস্য হিসেবে বিশ্বসংগীতে অসামান্য অবদান রেখেছেন। ‘সামথিং’, ‘হিয়ার কামস দ্য সান’ ও ‘মাই সুইট লর্ড’-এর মতো গান তাঁকে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। তবে বাংলাদেশের কাছে তাঁর পরিচয় শুধু একজন সংগীত তারকার নয়; বরং সংকটের সময়ে পাশে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধুর।
তথ্যসূত্র: Jago News Entertainment
Source: জাগো নিউজ২৪






