মুক্তির চতুর্থ সপ্তাহ পেরিয়েও দেশি-বিদেশি বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। তবে যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারেননি এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছেন, তাদের জন্য কিছুটা হতাশাজনক খবর দিয়েছেন ছবির প্রযোজক নমিত মলহোত্র।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘রামায়ণ’-এর ওটিটি মুক্তি নিয়ে কথা বলেন নমিত মলহোত্র। কবে নাগাদ ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা নেই তাদের। বরং দর্শকদের বড়পর্দায় ছবিটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রযোজকের ভাষ্য, শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল দর্শক বড়পর্দায় ‘রামায়ণ’ দেখবেন। ছবির সংগীত, দৃশ্য এবং সামগ্রিক অভিজ্ঞতা সিনেমা হলে উপভোগ করার মধ্যেই আলাদা আনন্দ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। নমিত মলহোত্র আরও জানান, ওটিটিতে ছবিটি মুক্তি পেতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। তাই যারা ঘরে বসে ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রযোজক আরও স্পষ্ট করে বলেন, এখন পর্যন্ত কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ছবিটির মুক্তি নিয়ে চুক্তি হয়নি। শিগগিরই এমন কোনো চুক্তি করার পরিকল্পনাও নেই তাদের। তাঁর মতে, আপাতত দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়েই ছবিটি দেখা উচিত। ওটিটিতে মুক্তির সময় হলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, বক্স অফিসে দারুণ সাফল্য ধরে রেখেছে ‘রামায়ণ’। মুক্তির চতুর্থ সপ্তাহেও ছবিটির ব্যবসা অব্যাহত রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৫ কোটি ২০ লাখ রুপি। বিশ্বজুড়ে ছবিটির আয় প্রায় ১ হাজার ৮১৪ কোটি ৫৫ লাখ রুপি।
ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে। এ ছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে ও হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন অরুণ গোবিল, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন ও কাজল আগরওয়াল।
উল্লেখ্য, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৮ সালে।
Source: জাগো নিউজ২৪






