বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়ে মুগ্ধ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু প্রশংসা করেই থামেননি তিনি; ভবিষ্যতে অপি করিমের সঙ্গে একসঙ্গে সিনেমা করার আগ্রহও প্রকাশ করেছেন। এমনকি অভিনেত্রীর বাংলা উচ্চারণ ও সংলাপ বলার দক্ষতারও প্রশংসা করেছেন এই নির্মাতা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন অপি করিম। সেখানকার সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে ভয়েস বার্তা পাঠান শিবপ্রসাদ। তাতেই বাংলাদেশের এই অভিনেত্রীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি।

বাংলাদেশের সিনেমা ও অভিনয়শিল্পীদের কাজ দেখতে গিয়েই অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচয় হয় শিবপ্রসাদের। বিশেষ করে ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপির অভিনয় তাকে মুগ্ধ করেছে। অভিনেত্রীর কাজ দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘কীভাবে এত অসাধারণ অভিনয় করেছেন অপি, তা তাকে অবাক করেছে।’

অপি করিমের সঙ্গে নির্মাতা এনামুল করিম নির্ঝরের পারিবারিক ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন শিবপ্রসাদ। নির্ঝরকে নিজের পরিবারের মানুষ মতো মনে করেন তিনি। তার প্রতিটি কাজের সময় নির্ঝর আলাদাভাবে বার্তা পাঠিয়ে উৎসাহ দেন বলেও জানান। ‘আহা’ সিনেমার নির্মাতা নির্ঝরের কাজের প্রতিও নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন এই অভিনেতা।

অপি করিমের অভিনয়ের পাশাপাশি তার বাংলা উচ্চারণও নজর কেড়েছে শিবপ্রসাদের। তার মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর বাংলা বলার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে অপি করিমের কাছ থেকে তাদের শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, শিবপ্রসাদের এমন প্রশংসায় আপ্লুত অপি করিম। গুণী এই নির্মাতা ও অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যবসায়িকভাবেও সফল হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪