বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার হয়েছেন ওয়েব ফিল্ম ‘মিউ’ পরিচালক আতিক জামান। গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। মামলাটিতে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর বনানী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ২৬।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই দিন রাত ১২টা ৫ মিনিটের দিকে বনানীর আমতলী মোড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ।
আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালী এলাকা থেকে আতিক জামানকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
আতিক জামানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর তার মুক্তি দাবি করেছেন নির্মাতা রেদওয়ান রনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকের পেশাগত সততা, মেধা ও নিষ্ঠার কথা তুলে ধরেন তিনি।
একই সঙ্গে রাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িয়ে তাকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এই নির্মাতা। পোস্টে রেদওয়ান রনি লেখেন, ‘পলিটিক্যাল জটিল ফ্যাসাদের মতো কিছুতে তাকে জড়িয়ে গ্রেফতার করাটা খুবই দুঃখজনক।’
আতিকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রেদওয়ান রনি। হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে যেন এই মেধাবী নির্মাতার জীবন এলোমেলো না হয়ে যায়, সেই আহ্বান জানান তিনি। পোস্টের শেষে আতিকের মুক্তি দাবি করে লেখেন, ‘আতিকের মুক্তি চাই।’
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ মুক্তি পেয়েছিল আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান ও পোষা প্রাণীর প্রতি মানুষের মমতার গল্প নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান ও আজিজুল হাকিমসহ অনেকে।
তথ্যসূত্র: জাগো নিউজ এন্টারটেইনমেন্টের প্রতিবেদন।
Source: জাগো নিউজ২৪






