রূপালি পর্দার পরিচিত মুখ দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে সিনেমায়ই তাঁর বিচরণ বেশি। তবে এবার থিয়েটার অঙ্গনের একটি বিশেষ সম্মাননা পেলেন এই অভিনেত্রী। ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’-এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁকে দেওয়া হয়েছে এই পদক।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। থিয়েটারে (তোপখানা) উদ্যোগে আয়োজিত এই আসরে পূর্ণিমাসহ সাতজন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই পদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ণিমা। তাঁর কাছে এই স্বীকৃতি দীর্ঘ শিল্পীজীবনের বিশেষ অর্জন। অভিনেত্রী জানান, প্রথম আসরেই একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে এমন সম্মাননা পাওয়া তাঁর জন্য আনন্দ, আবেগ ও গর্বের মুহূর্ত। একজন শিল্পীর কাজ ও শিল্পসত্তাকে মূল্যায়ন করার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না বলেও মনে করেন তিনি।
পূর্ণিমা আরও জানান, এই পদক তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি হয়ে থাকবে। একই মঞ্চে গুণী শিল্পীদের সঙ্গে সম্মাননা নিতে পেরেও আনন্দিত তিনি। আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মঞ্চনাটকে অভিনয় না করলেও থিয়েটারের সঙ্গে ছোটবেলার স্মৃতি রয়েছে পূর্ণিমার। পুরস্কার গ্রহণের পর নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, আট-নয় বছর বয়সে বড় বোনকে মঞ্চনাটক করতে দেখেছেন। তাঁর দুলাভাই রফিকুল্লাহ সেলিমও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে ছোটবেলায় ঢাকা নান্দনিকের মঞ্চে যাতায়াত ছিল তাঁর। তাই মঞ্চের পরিবেশ, নাটকের আয়োজন কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। মঞ্চ তাঁর কাছে একেবারে অপরিচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পূর্ণিমা ছাড়াও পদক পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান। তাঁদের প্রত্যেকেরই মঞ্চনাটকে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






