অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলামের প্রশংসায় নিজের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ইলিয়াস মৃধা নামের এক ব্যক্তি। তিনি স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে ডা. এজাজের কাছে দীর্ঘ সময় অপেক্ষা করেন। শেষ পর্যন্ত চিকিৎসকের আচরণ ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি পোস্ট করেন, ‘ডা. এজাজুল ইসলাম কোনো মানুষ না।’ জাগো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দৃষ্টিতে কথাটি নেতিবাচক মনে হলেও পুরো ঘটনা পড়লে বোঝা যায়, চিকিৎসকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।

ইলিয়াস মৃধা জানান, মাইগ্রেনের সমস্যার কারণে স্ত্রীকে নিয়ে ডা. এজাজের গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকার চেম্বারে যান। তাদের সিরিয়াল ছিল ৬২। সন্ধ্যা ৬টায় চিকিৎসক দেখানোর কথা থাকলেও তারা এক ঘণ্টা দেরিতে পৌঁছান। তখন ৩৫ নম্বর সিরিয়ালের রোগী দেখা হচ্ছিল। হিসাব করে দেখেন, তাদের আগে আরও ২৭ জন রোগী রয়েছেন। তাই অপেক্ষার সময়টুকু কাজে লাগাতে দুজন কফি খেতে বের হন।

রাত ৮টার দিকে চেম্বারে ফিরে দেখেন, তখনো ৪২ নম্বর সিরিয়াল চলছে। অর্থাৎ এক ঘণ্টায় মাত্র সাতজন রোগী দেখেছেন চিকিৎসক। এতে বিরক্ত হয়ে পড়েন ইলিয়াস। তার মনে প্রশ্ন জাগে, একজন চিকিৎসক এত ধীরে রোগী দেখছেন কেন? অন্য জায়গায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণত ঘণ্টায় ১৫ থেকে ২৫ জন রোগী দেখেন বলেও উল্লেখ করেন তিনি। একপর্যায়ে চিকিৎসকের কক্ষে গিয়ে নিজের বিরক্তির কথা জানাবেন বলেও মনে মনে ঠিক করেন।

কিন্তু তাদের সিরিয়াল আসতে আসতে রাত ১১টা বেজে যায়। দীর্ঘ অপেক্ষায় তখন বেশ বিরক্ত তিনি। তবে চিকিৎসকের কক্ষে প্রবেশের পর তার সেই বিরক্তি অনেকটাই দূর হয়ে যায়। ইলিয়াসের বর্ণনায়, পুরোনো একটি কাঠের চেয়ারে মৃদু হাসিমুখে বসেছিলেন ডা. এজাজ। দীর্ঘ সময় ধরে রোগী দেখার পরও তার চেহারায় ক্লান্তির ছাপ ছিল না। তাদের বসতে দিয়ে ধীরস্থিরভাবে স্ত্রীর সমস্যার কথা জানতে চান। এরপর নিজেই তার স্ত্রীর রক্তচাপ মাপেন এবং মনোযোগ দিয়ে ব্যবস্থাপত্র লেখেন।

এ সময় ইলিয়াসের মনে হয়েছিল, চিকিৎসক হয়তো মাথার সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করাতে বলবেন। এমনকি নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শও দিতে পারেন বলে আশঙ্কা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার ধারণা ভুল প্রমাণিত হয়। ডা. এজাজ কোনো পরীক্ষার পরামর্শ না দিয়ে দুটি ওষুধ দুই মাস খাওয়ার কথা বলেন। এরপর একটি ব্যবস্থাপত্র লিখে দেন।

চিকিৎসকের কক্ষ থেকে বেরিয়ে আসার পর আরেকটি বিষয় মনে পড়ে ইলিয়াসের। তারা চিকিৎসকের ফি পরিশোধ করেননি। চেম্বারের বাইরে এসে বুঝতে পারেন, ফি দেওয়ার জন্য কেউ তাদের মনে করিয়ে দেননি বা আটকে রাখেননি। পরে জানতে পারেন, রোগীপ্রতি চিকিৎসকের ফি মাত্র ৩০০ টাকা।

চেম্বারের পরিবেশ নিয়েও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ইলিয়াস। তার বর্ণনায়, সেখানে কোনো আড়ম্বর বা বাহুল্য নেই। কর্মীদের মধ্যেও সাধারণ মানুষের আন্তরিকতা খুঁজে পেয়েছেন তিনি। চাইলে ডা. এজাজ রোগীপ্রতি আরও বেশি ফি নিতে পারতেন বলেও মনে করেন এই ব্যক্তি।

পোস্টে ইলিয়াস লেখেন, ‘সারা দিন ১০০ রোগী দেখে ভিজিট পান ৩০ হাজার, যেটা চাইলে তিনি কয়েক লাখে নিতে পারতেন। হাত বাড়ালেই লাখ টাকার লোভ কত অবলীলায় তিনি প্রত্যাখ্যান করতে পারেন! এমন পুরোনো রোগের ওষুধ মাত্র ৯০ টাকায় সারবে (সারছেও), আর কে জানে! সব ভেবে শ্রদ্ধায়, ভালোবাসায় আমার মাথা নুয়ে এল।’

সবশেষে ডা. এজাজুল ইসলামের মতো নিরহংকারী ও নির্লোভ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘আজকের দিনে “সব আমার চাই”–এর সময়েও এমন নিরহংকারী, নির্লোভী মানুষ আছে?’ ইলিয়াসের ভাষ্য, চেম্বার থেকে ফেরার পথে বাসে বসে এসব ভাবতে ভাবতে তার কাঁদতে ইচ্ছা করছিল। চিকিৎসকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে তাকে ‘দেবদূত’ বলেও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, ডা. এজাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি অভিনয় জগতে ‘ডা. এজাজ’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টিও তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

ইলিয়াস মৃধার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। প্রায় দেড় হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরেও অনেকে ডা. এজাজের প্রশংসা করেছেন।

Source: জাগো নিউজ২৪