নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশে বাবা-মায়ের দোয়া কমিটি গঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপি আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদের অভিযোগ, এই সরকারের সময়ে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, দুর্নীতি ও তেলের দাম বেড়েছে এবং গণভোটের হ্যাঁ রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সরকারকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দেন তিনি।
তার দাবি, লুটপাট-দুর্নীতির কারণে দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যেই বিএনপি সরকার লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে। দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছিলেন, এই সময়ে সারা দেশ তা দেখে ফেলেছে।
সরকারকে ব্যবসায়ী-মাফিয়াদের সরকার আখ্যা দিয়ে নাহিদ অভিযোগ করেন, নির্বাচনে পরাজিতদের প্রশাসক বানানো, সর্বত্র দলীয়করণ এবং ইউএনওদের মারধর ও চাপ দেওয়া হচ্ছে। ‘জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে’ মন্তব্য করে সামনে আন্দোলন আসছে বলেও জানান তিনি।






