সংস্কার প্রস্তাবের রূপরেখা মেনে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

নাহিদের অভিযোগ, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা এবং ফ্যাসিবাদবিরোধী সব আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তার দাবি, সর্বস্তরে দলীয়করণের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এবার দলীয় প্রার্থী দিয়ে একতরফাভাবে রাষ্ট্রপতি বেছে নিচ্ছেন; স্বাধীন ভোটের সুযোগ না রেখে ফল আগেই ঠিক করলে তাদের গণতন্ত্রপন্থী ভাবার অবকাশ নেই।

নাহিদ বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে না। তবু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই তাদের দল ভোটে অংশ নিয়েছে।

সংস্কারের পথে সরকার না হাঁটলেও বিরোধী দল প্রার্থী দিয়েছে, যাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়, ভোট প্রতিযোগিতামূলক হয় এবং এ প্রক্রিয়া সম্পর্কে মানুষ আরও সচেতন হয়—বলেন তিনি।