জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রথম ছয় মাসে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার নিজেই যে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ—তার কোনোটিতেই সাফল্য আসেনি।

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের ব্যর্থতা তুলে ধরতে সোমবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি। সেখানে নাহিদ ইসলাম বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনার অভাবে সরকার ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকেই ফিরে যাচ্ছে এবং ১৮০ দিনে প্রমাণ হয়েছে, দেশ চালানোর কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই।

সরকারের ছয় মাসের কাজ মূল্যায়ন করে এনসিপির আহ্বায়ক দাবি করেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ ২৯টি ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতা দেখা গেছে।

মন্ত্রিপরিষদের রদবদলের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতায় বসে সরকার পুরোনো পরিকল্পনা ও নীতির পথেই হাঁটছে। তার ভাষ্য, অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থার কারণেই ছয় মাসের মধ্যে মন্ত্রিপরিষদ পুনর্গঠন করতে হচ্ছে, বদলাতে হচ্ছে মন্ত্রী-প্রতিমন্ত্রী। এভাবে চলতে থাকলে কখন প্রধানমন্ত্রীকেই বদলের প্রয়োজন দেখা দেয়, সে প্রশ্নও তোলেন তিনি।

গ্যাস সংকটে সারা দেশের মানুষ ভুগছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সরকারের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া উচিত ছিল। একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা আনা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক করার যে আত্মবিশ্বাস সরকার দেখিয়েছিল, তার কিছুই তারা করতে পারেনি বলে দাবি করেন নাহিদ।

ছয় মাস কি মূল্যায়নের জন্য যথেষ্ট—এমন প্রশ্ন উঠতে পারে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এ সময় পেরোনোর পর সরকার আর অন্তর্বর্তী সরকার বা আগের সরকারের ওপর দায় চাপাতে পারবে না, জনগণও তা মানবে না। সংকটের সমাধান না করে পুরোনো রাজনীতিতে ফেরার চেষ্টা থেকে সরে না এলে সরকারকে ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।

এনসিপি সরকারের প্রথম ছয় মাসের কাজের বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরছে বলে জানান নাহিদ ইসলাম। ওষুধনীতি, সার, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট, মানবাধিকার ও ভূমি কমিশন আইনসহ নানা বিষয়ে সরকারের পদক্ষেপ দলটি পর্যবেক্ষণ করছে।