জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০’র দশক নিয়ে চলা ট্রেন্ডের মতো গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে সরকারও যেন সেই সময়ে ফিরে যাচ্ছে। তার ভাষায়, ‘সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।’

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে জাতীয় ছাত্রশক্তি ববি শাখার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক এবং বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে—এটাই সবার প্রত্যাশা বলে মন্তব্য করেন নাহিদ।

সরকারি চাকরির ভাইভায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ভাইভার নম্বরকে দলীয় নিয়োগের সুযোগ বলেছিলেন, অথচ সরকারে এসে তারা উল্টো পথে হাঁটছেন। তার মতে, সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভায় ২০০ এবং বিসিএসে ৫০ নম্বর রাখা উচিত।

কোটা ইস্যুতে শেখ হাসিনা এখন দিল্লিতে, আর ভাইভা ইস্যু সরকারকে কোথায় নিয়ে যাবে তা তারা টেরও পাবেন না বলে সতর্ক করেন নাহিদ। রাজনৈতিক বিবেচনায় হুটহাট সিদ্ধান্ত না নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কারের আহ্বান জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পর দেশে এখন নির্বাচিত সরকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সরকার প্রতিশ্রুতির কতটা রক্ষা করেছে, তা মানুষই বিচার করবে।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম ও সংরক্ষিত নারী আসনে দলের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। সভাপতিত্ব করেন ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলাল।