ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের এ সভায় দিকনির্দেশনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ।

সভায় দুই সিটিতে এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারী (দক্ষিণ) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (উত্তর) ছাড়াও ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার।

সভায় সিটি নির্বাচনের প্রস্তুতি ও মহানগরের রাজনীতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়। দলের ভাষায় পতিত ও পলাতক আওয়ামী লীগকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ, জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং নাগরিক সমস্যা নিয়ে আন্দোলন গড়ার কথাও বলা হয়।

একই দিন দুই সিটিতে মেয়র প্রার্থীর নামও ঘোষণা করেন নাহিদ ইসলাম—ঢাকা দক্ষিণে নাসীরউদ্দীন পাটোয়ারী, উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার পর সভায় উপস্থিত নেতাকর্মীরা দুজনকে অভিনন্দন জানান।