ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রার্থী হিসেবে ঢাকা উত্তরে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৩ সেপ্টেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন; তিনি বিরোধীদলীয় চিফ হুইপও।

এদিকে দুই মহানগরের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভায় নাহিদ ইসলাম সার্বিক দিকনির্দেশনা দেন। প্রার্থী খোঁজা, ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করা ও জুলাইয়ের আহত ও শহীদদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি আওয়ামী লীগকে ‘পতিত ও পলাতক’ উল্লেখ করে দলটির নাশকতামূলক কর্মকাণ্ডে কড়া নজর রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর এনসিপির আহ্বায়ক যথাক্রমে ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন স্তরের নেতারা।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, ঢাকা দক্ষিণ সিটির ভোটার থেকে তিনি এখন ঢাকা উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।

পোস্টে বলা হয়, নির্বাচন কমিশনের ফরম-১৩ পূরণ করে আবেদনের পর প্রয়োজনীয় যাচাই আর কাগজপত্র পরীক্ষা শেষে কমিশন তা অনুমোদন দেয়। ফলে এখন থেকে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার।