জামায়াতে ইসলামীর আমিরের লং মার্চের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এ প্রশ্ন রাখেন।
রাশেদ খাঁনের ভাষ্য, গত লং মার্চে জামায়াত আমির জাতির প্রয়োজনে ৬ দফাকে এক দফায় রূপ দেওয়ার কথা বলেছিলেন, আর শনিবার বলেছেন ৮ দফার কথা। ৬ দফা কখন ৮ দফা হলো, জাতি তা জানে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁনের মন্তব্য, যিনি নিজের দাবিদাওয়াই স্থির করতে পারেন না, তিনি কেবল জামায়াতি জাতির নেতা হতে পারেন, পুরো জাতির নন।
এনসিপিরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছুটির দিনে সংসদ ভবনের সামনে এনসিপির কর্মসূচিতেই লং মার্চে সাড়ার আভাস মিলেছে, যেখানে নেতাকর্মীর চেয়ে সাংবাদিক বেশি ছিলেন বলে তাঁর মনে হয়েছে। বাধা না থাকার পরও মানুষ কেন সাড়া দিচ্ছে না, এনসিপি তা খুঁজে দেখেছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, এ দেশের মানুষ জামায়াতের নেতৃত্ব কখনো মানবে না। তাঁর ভাষ্য, নাহিদ জামায়াত আমিরের নেতৃত্ব মেনে নেওয়ার পর থেকে দুই নেতার কারও ডাকেই জাতি আর সাড়া দিচ্ছে না।






