প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেই ঠিক করতে হবে, তিনি হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়বেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর লং মার্চের সূচনা সমাবেশে তিনি বক্তব্য দেন।
নাহিদ ইসলামের মন্তব্য, স্বৈরাচার এরশাদও সম্মানজনকভাবে পদ ছেড়েছিলেন, তাই তারেক রহমানকে নিজের বিদায়ের পথ নিজেকেই বেছে নিতে হবে। গত ১৬ বছর মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে বিএনপিও তাঁদের পাশে ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সরকারে এসে দলটি এখন নিজেই মানুষের মানবাধিকার কেড়ে নিচ্ছে এবং গণতন্ত্র ধ্বংস করছে।
এনসিপির আহ্বায়ক বলেন, মানবাধিকার রক্ষা করা এই সরকারের দায়িত্ব হলেও তারা উল্টো অধিকার হরণের পরিবেশ তৈরি করছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সরকার যেসব আইন ও প্রতিষ্ঠান দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, বর্তমান সরকারও সেগুলোই কাজে লাগাতে শুরু করেছে।
লং মার্চের পক্ষে সারা দেশে ব্যাপক সাড়া পড়েছে দাবি করে নাহিদ অভিযোগ করেন, তা ঠেকাতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে বিভিন্ন জায়গায় ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং এতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনও যুক্ত হয়েছে। ব্যানার ছিঁড়ে এই জোয়ার থামানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘দফা বাড়ছে। সকল দফা এক দফায় আসবে।’
জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় জোট এ লং মার্চ করছে।






