গ্রিসের উদ্দেশে যাত্রা করা ৬৫ বাংলাদেশি ভূমধ্যসাগরে প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর ঝুঁকি নিয়ে ভেসে থাকার পর একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে উদ্ধার পান। বর্তমানে তাঁরা মিশরের দামিয়াত কারাগারে আটক রয়েছেন।

কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বলে সূত্র জানিয়েছে। সোমবার (৯ নভেম্বর) ওই প্রতিবেদনের বরাত পাওয়া যায়।

দূতাবাস জানিয়েছে, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাঁদের মধ্যে চারজন দক্ষিণ সুদানের নাগরিক ছিলেন।

১১ অক্টোবর নৌকার জ্বালানি শেষ হলে তাঁরা গভীর সাগরে চরম বিপদের মুখে পড়েন। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার একপর্যায়ে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

অবশেষে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের উদ্ধার করে। পরে ১৩ অক্টোবর তাঁদের মিশরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

দূতাবাসের শ্রম সচিব গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থা করা হয়।

আটক বাংলাদেশিদের অভিযোগ, ইউরোপে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাঁদের লিবিয়ার বিভিন্ন স্থানে অমানবিক পরিবেশে আটকে রেখেছিল। এরপর প্রায় ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় গাদাগাদি করে ৬৯ জনকে তুলে দেওয়া হয়।

তাঁদের অনেকেই ইউরোপে উন্নত জীবনের আশায় জমিজমা ও বসতবাড়ি বিক্রি করে দালালদের হাতে বিপুল অর্থ তুলে দিয়েছেন বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়। সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁদের জীবন গভীর অনিশ্চয়তায় পড়ে যায়।

দূতাবাসের শ্রম সচিব জানান, আটক বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা প্রদান এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাঁদের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিমান টিকিটের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উন্নত জীবনের আশায় যাঁরা একদিন প্রিয়জনদের ছেড়ে অজানার পথে পা বাড়িয়েছিলেন, তাঁদের অনেকেরই এখন অপেক্ষা কবে ফিরবেন স্বজনদের কাছে, কবে আবার দেখতে পাবেন পরিবারের মুখ।

Source: জাগো নিউজ২৪