মানুষ নেয়ামত পেলে অনেক সময় মুখ ফিরিয়ে নেয়, অহংকারী হয়ে ওঠে এবং প্রাপ্ত সুবিধাকে নিজের স্বাভাবিক প্রাপ্য বলে ধরে নেয়—কৃতজ্ঞতা বা স্বীকৃতি থাকে না সেখানে। অথচ সামান্য কোনো বিপদ বা সমস্যায় পড়লেই অনেকে তিক্ত হয়ে পড়েন, অভিযোগ করতে থাকেন এবং বাস্তবতার প্রতি অসন্তুষ্ট হন। ইসলামি আলোচক ড. ইয়াসির ক্বাদি তাঁর এক আলোচনায় এ প্রসঙ্গে বলেন, এমন প্রবণতা কমবেশি সবার মধ্যেই দেখা যায়, যেখানে নেয়ামতকে তুচ্ছ ভাবা হয় আর ছোটখাটো বিপদকেই সবচেয়ে বড় সমস্যা বানিয়ে ফেলা হয়। এই দৃষ্টিভঙ্গি বদলানোর অন্যতম প্রধান উপায় আল্লাহর প্রতি শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা, যা কিছু আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা এবং নেয়ামতগুলো অনুধাবন করা।
কৃতজ্ঞ ও অকৃতজ্ঞের পৃথকীকরণ
আল্লাহ কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কৃতজ্ঞ ও অকৃতজ্ঞদের পৃথক করার জন্য। সত্য ও মিথ্যা স্পষ্ট করে দেওয়ার পর মানুষ দুটি পথের যেকোনো একটি বেছে নেয়—হয় কৃতজ্ঞতার পথ, নয়তো অকৃতজ্ঞতার পথ। কোরআনে ‘কুফর’ শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়েছে; একটি অর্থ আল্লাহকে অস্বীকার করা, আর আরেকটি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করা। যে ব্যক্তি সবচেয়ে বড় অস্বীকারকারী, তিনি শুধু শুকরিয়াই অস্বীকার করেন না, বরং নেয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে বলে স্বীকার করতেও অস্বীকার করেন। তাই কুফরের বিপরীত যেমন ইমান, তেমনি শোকরের বিপরীতও কুফর। ড. ইয়াসির ক্বাদির ভাষ্য অনুযায়ী, ইমানের অন্যতম মূল বৈশিষ্ট্য হলো তা মানুষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়, ভালো বিষয় দেখতে শেখায় এবং নেয়ামতকে তুচ্ছ করতে দেয় না।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর নেয়ামত গুনতে চাইলে তা শেষ করতে পারবে না। ড. ক্বাদি উল্লেখ করেন, আমরা আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছি; প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চুমুক পানি এবং অসংখ্য নেয়ামত আমাদের ঘিরে রেখেছে, অথচ আমরা সেগুলোকে স্বাভাবিক ধরে নিই এবং শুকরিয়া আদায় করি না। তাঁর মতে, শুকরিয়া মানুষকে আশাবাদী, হাসিখুশি ও ইতিবাচক করে তোলে; অন্যদিকে যার মধ্যে শুকরিয়া নেই, তিনি সামান্য বিষয়েও অভিযোগ করেন এবং নেতিবাচকতায় ভোগেন। অন্তরে আল্লাহর নেয়ামতের স্বীকৃতি ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে শুকরিয়ার চর্চা শুরু হয়।
সুলাইমান ও কারুনের উদাহরণ
কোরআনে সুলাইমান (আলাইহিস সালাম) যখন তাঁর বিপুল সম্পদ, ক্ষমতা ও কর্তৃত্ব দেখলেন, তখন তিনি বললেন, এসবই তাঁর প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি তাঁকে পরীক্ষা করেন যে তিনি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। এর বিপরীতে কারুন তাঁর বিপুল সম্পদ দেখে দাবি করেছিল, এটি সে নিজের জ্ঞান, মেধা ও দক্ষতার বলে অর্জন করেছে। ড. ক্বাদির আলোচনা অনুযায়ী, কারুন অকৃতজ্ঞ হওয়ায় আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দেন, আর সুলাইমান কৃতজ্ঞ থাকায় আল্লাহ তাঁর ক্ষমতা ও অনুগ্রহ আরও বাড়িয়ে দেন।
শুকরিয়ার পাঁচ ধাপ
ইমাম আলুসির (রাহিমাহুল্লাহ) মত অনুসারে শুকরিয়ার প্রথম ধাপ বিনয় ও নম্রতা—নিজের কোনো অহংকার বা প্রাপ্যের দাবি না রেখে বিনয়ের সঙ্গে স্বীকার করা যে স্বাস্থ্য, পরিবার, সন্তান ও সম্পদ সবই আল্লাহর দান। দ্বিতীয় ধাপ আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে তাঁর ইবাদতে আগ্রহী হওয়া, কারণ তিনি না চাইতেই আমাদের অনেক কিছু দিয়েছেন। তৃতীয় ধাপ আল্লাহর আদেশ পালন এবং নিষেধ থেকে দূরে থাকা; নামাজ, জাকাত ও রোজার মতো ইবাদতের মাধ্যমে এবং গুনাহ থেকে দ্রুত তওবা করার মাধ্যমে শুকরিয়া প্রকাশ পায়। চতুর্থ ধাপ আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো তাঁর সন্তুষ্টির কাজে ও অন্যের কল্যাণে ব্যয় করা এবং সেগুলো দিয়ে আল্লাহর অবাধ্যতা করতে লজ্জাবোধ করা। পঞ্চম ধাপ নিজের পরিবার ও বিশ্বস্ত প্রিয়জনদের মধ্যে আল্লাহর নেয়ামতের কথা আলোচনা করা, যাতে কেউ নেয়ামতগুলো ভুলে না যায় বা তুচ্ছ না করে।
তিন স্তরে শুকরিয়া
ইমাম গাজালি (রাহিমাহুল্লাহ) বলেছেন, শুকরিয়া তিনটি স্তরে প্রকাশ পায়—অন্তর, জিহ্বা এবং অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে। অন্তরে থাকে নেয়ামতের স্বীকৃতি; জিহ্বায় উচ্চারিত হয় ‘আলহামদুলিল্লাহ’। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোনো ব্যক্তি এক চুমুক পানি পান করে বা এক লোকমা খাবার খেয়েও যদি ‘আলহামদুলিল্লাহ’ বলেন, তবে আল্লাহ তাতে সন্তুষ্ট হন। আর অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে নেক আমল ও আনুগত্যের মধ্য দিয়ে শুকরিয়ার পূর্ণতা আসে।
বাস্তবে যা করণীয়
শুকরিয়া আদায়ের জন্য বাস্তব কিছু করণীয়ও রয়েছে। প্রথমত, যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং লোভ না করা; ইমান ও সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। হাসান বসরি (রাহিমাহুল্লাহ) সম্পর্কে বর্ণিত ঘটনায় দারিদ্র্যের অভিযোগ করা এক ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করেছিলেন, দৃষ্টিশক্তি, হাঁটার ক্ষমতা, হাত বা সুস্বাস্থ্যের বিনিময়ে সে দশ লাখ স্বর্ণমুদ্রা দেবে কি না। ব্যক্তিটি রাজি না হলে হাসান বসরি বলেন, তুমি কোটিপতির মতো সুস্থতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ অভিযোগ করছ।
দ্বিতীয়ত, পার্থিব বিষয়ে নিজের চেয়ে কম অবস্থানে থাকা মানুষের দিকে তাকানো এবং দ্বীনের বিষয়ে নিজের চেয়ে এগিয়ে থাকা মানুষের দিকে তাকানো। দুনিয়ার নেয়ামতে যারা পিছিয়ে আছে, যুদ্ধ বা অভাবের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কথা ভাবলে নিজের প্রতি আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করা যায়; আর দ্বীনের ক্ষেত্রে যারা বেশি ইবাদত করছে, কোরআন হেফজ করছে বা দান-সদকা করছে, তাদের দেখে নিজের উন্নতির চেষ্টা করা উচিত।
সবশেষে, শুকরিয়া আদায়ের তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত জরুরি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুআজ ইবনে জাবালকে (রাদিয়াল্লাহু আনহু) শিখিয়েছিলেন, প্রতিটি নামাজের পর যেন তিনি এই দোয়া করতে না ভোলেন যে—হে আল্লাহ, আমাকে আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দিন। ড. ইয়াসির ক্বাদির মতে, এই গুণগুলো অর্জন করলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই কল্যাণ ও বরকত লাভ করা যায়।
আলোচনাটি ড. ইয়াসির ক্বাদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। তথ্যসূত্র: জাগোনিউজ ও ড. ইয়াসির ক্বাদির অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
Source: জাগো নিউজ২৪






