ওহুদ যুদ্ধে অংশগ্রহণকারী নারী সাহাবিদের নিয়ে থাকা ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল চারজন নারী সাহাবির ভূমিকা ও অবদান। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে তুলে ধরা হচ্ছে আরও তিনজন সাহসী নারী সাহাবির ভূমিকা ও অবদানের কথা।

নুসাইবা বিনতে কাব (রা.)

ওহুদ যুদ্ধের দিন নুসাইবা বিনতে কাব আল-মাযিনিয়া (রা.) অনন্য সাহসিকতার পরিচয় দেন। সেই দিনের অভিজ্ঞতার কথা জানা যায় উম্মে সাদ বিনতে সাদ ইবনে রাবি (রা.)-এর বর্ণনা থেকে। তিনি একবার নুসাইবা (রা.)-এর কাছে গিয়ে তাঁকে অনুরোধ করেন, ‘খালা, সেদিনের ঘটনা আমাকে খুলে বলুন।’

নুসাইবা (রা.) বলেন, দিনের শুরুতে তিনি ঘর থেকে বের হয়েছিলেন এটা দেখতে যে লোকজন কী করছে। তাঁর সঙ্গে একটি পানির মশকও ছিল। এক পর্যায়ে তিনি আল্লাহর রাসুলের (সা.) কাছে পৌঁছান; তখন তিনি সাহাবিদের মাঝে অবস্থান করছিলেন। যুদ্ধের পরিস্থিতি তখন মুসলমানদের অনুকূল ছিল।

কিন্তু যুদ্ধের গতিপথ বেশিক্ষণ একই রকম থাকেনি। এক পর্যায়ে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং অনেকে আল্লাহর রাসুলের (সা.) কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এমন পরিস্থিতিতে নুসাইবা (রা.) নিজের অবস্থান পরিবর্তন করেন। যে হাতে পানির মশক বহন করে এসেছিলেন, সেই হাতেই তুলে নিলেন তরবারি। এরপর সরাসরি যুদ্ধে অংশ নিয়ে আল্লাহর রাসুলকে (সা.) রক্ষা করতে থাকেন। শুধু তরবারি চালিয়েই তিনি থেমে থাকেননি; ধনুক হাতে নিয়ে তীরও ছুড়েছেন। যুদ্ধের তীব্রতার মধ্যে একসময় তাঁর নিজের শরীরেও আঘাত আসে।

উম্মে সাদ (রা.) এই বর্ণনা শুনে নুসাইবার কাঁধের দিকে তাকান এবং সেখানে একটি গভীর ক্ষত দেখতে পান। তিনি জানতে চান, ‘খালা, কে আপনাকে এই আঘাত করেছে?’ জবাবে নুসাইবা (রা.) বলেন, ‘ইবনে কামিআ। আল্লাহ তাকে অপদস্থ করুন!’ এরপর তিনি সেই আক্রমণের ঘটনাটিও বর্ণনা করেন।

মুসলমানরা যখন আল্লাহর রাসুলের (সা.) কাছ থেকে সরে যাচ্ছিলেন, তখন ইবনে কামিআ এগিয়ে আসছিল। তার মুখে ছিল একটিই কথা—‘আমাকে মুহাম্মদের সন্ধান দাও। তিনি যদি বেঁচে যান, তবে যেন আমারও নিস্তার না হয়।’ এমন বিপজ্জনক মুহূর্তে নুসাইবা (রা.) একা ছিলেন না; তাঁর সঙ্গে ছিলেন মুসআব ইবনে উমায়ের (রা.) এবং আল্লাহর রাসুলের (সা.) পাশে অবিচল থাকা আরও কয়েকজন সাহাবি। তাঁরা সবাই মিলে ইবনে কামিআর পথ রোধ করেন। এই সংঘর্ষেই সে নুসাইবার (রা.) কাঁধে আঘাত করে। তবে নুসাইবা তাকেও ছেড়ে দেননি; ওই আক্রমণের জবাবে তিনিও তাকে বেশ কয়েকটি আঘাত করেন। কিন্তু ইবনে কামিআর শরীরে দুটি বর্ম থাকায় বড় কোনো জখম হয়নি। (সিরাতে ইবনে হিশাম: ২/৮১-৮২)

উম্মে আইমান (রা.)

উম্মে আইমান (রা.) ছিলেন একজন ধাত্রী; আল্লাহর রাসুলের (সা.) শৈশবকালে তিনি তাঁকে লালনপালন করেন। রাসুলের (সা.) পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মুহাম্মাদ ইবনে ওমর আল-ওয়াকিদি (রহ.) বলেন, উম্মে আইমান (রা.) ওহুদ যুদ্ধে উপস্থিত ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি আহতদের পানি পান করাতেন এবং তাদের সেবাশুশ্রূষা করতেন। যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের দায়িত্ব থেকে সরে যাননি; আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের প্রয়োজন পূরণ করেছেন। তিনি খায়বার যুদ্ধেও আল্লাহর রাসুলের (সা.) সঙ্গে অংশগ্রহণ করেন। (আত-তবাকাতুল কুবরা, ইবনে সাদ: ৮/১৮০)

হামনা বিনতে জাহশ (রা.)

হামনা বিনতে জাহশ (রা.) ছিলেন আল্লাহর রাসুলের (সা.) ফুফাতো বোন এবং উম্মুল মুমিনিন যয়নব বিনতে জাহশের বোন। তাঁর স্বামী ছিলেন বিখ্যাত সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.)। ওহুদ যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তৃষ্ণার্তদের পানি পান করানো ও আহতদের সেবাশুশ্রূষার দায়িত্ব পালন করেন। তবে এই যুদ্ধ ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়; এই দিন একে একে তাঁর ভাই, মামা ও স্বামী শাহাদাত বরণ করেন।

মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহশ বর্ণনা করেন, ওহুদের যুদ্ধ শেষে আল্লাহর রাসুল (সা.) যখন মদিনায় ফিরে আসেন, তখন নারীরা তাদের স্বজনদের খোঁজে বেরিয়ে পড়েন। এমন সময় হামনা বিনতে জাহশ (রা.) তাঁর সামনে আসেন। আল্লাহর রাসুল (সা.) তাঁকে বলেন, ‘হে হামনা, তোমার ভাই আবদুল্লাহ ইবনে জাহশের শাহাদাতের ঘটনায় ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে এর প্রতিদান প্রত্যাশা করো।’

খবরটি শুনে হামনা (রা.) বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার ওপর রহম করুন এবং তাকে ক্ষমা করুন।’ এরপর আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘হে হামনা, তোমার মামা হামজা ইবনে আবদুল মুত্তালিবের শাহাদাতের ঘটনায়ও ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করো।’ তিনি আবারও বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার ওপর রহম করুন এবং তাঁকে ক্ষমা করুন।’

এরপর আল্লাহর রাসুল (সা.) তাঁকে জানান, ‘হে হামনা, তোমার স্বামী মুসআব ইবনে উমাইরের শাহাদাতের ঘটনায় ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করো।’ এবার হামনার (রা.) প্রতিক্রিয়া বদলে যায়। তিনি বলে ওঠেন, ‘হায়, কী সর্বনাশ! হায়, কী কষ্ট!’ তাঁর এই আর্তনাদ শুনে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘নারীর অন্তরে স্বামীর জন্য এমন এক বিশেষ স্থান ও টান থাকে, যা অন্য কারও জন্য থাকে না।’ (আত-তবাকাতুল কুবরা, ইবনে সাদ: ৮/১৯১)

Source: জাগো নিউজ২৪