হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সৌদি আরবে মো. সজিব হোসেন (২৫) নামের এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। হামলাটি হয় সৌদি সময় রোববার (৪ অক্টোবর) রাতে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসে আরামকোর একটি স্থাপনায়।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মৃত্যুর খবর জানায়। বিবৃতিতে প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এমন হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সজিবের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে, বাবার নাম ছোটন মিয়া। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কাজ করছিলেন।

একই প্রতিষ্ঠানের সহকর্মী আল আমিন মুঠোফোনে দেশে পরিবারকে মৃত্যুর খবর দেন। খবর পৌঁছানোর পর বাগড়া গ্রামে শোকের ছায়া নামে; ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের মা-বাবা।

মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবার ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। সব ধরনের সহায়তার পাশাপাশি মরদেহের আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠাতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।