ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স ও তাদের প্রস্তুতির কথা মাথায় রেখেই তিনি সিরিজটিকে কঠিন বলেছেন। একই সঙ্গে নিজেদের সেরা ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বলেও জানিয়েছেন তিনি।
সিমন্সের মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যও দলকে উজ্জীবিত রাখবে। টেস্ট ম্যাচের দিকেই এখন পুরোপুরি মনোযোগী বাংলাদেশের ক্রিকেটাররা। আবুধাবিতে প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও দলের লক্ষ্য বদলায়নি বলেই তাঁর ভাষ্য। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগকে সামনে রেখে পরের ম্যাচগুলোতে ভালো করার আকাঙ্ক্ষা রয়েছে সবার।
সিমন্স বলেন, ‘আমার মনে হয়, সবাই টেস্ট ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী। আবুধাবিতে টেস্ট খেলার সময়ও সবাই মনোযোগী ছিল এবং সামনে কী আছে, তা নিয়েই ভাবছিল।’
এবারই প্রথম বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সিমন্স। সেই লক্ষ্য পূরণে দলের খেলোয়াড়েরা প্রস্তুত ও উজ্জীবিত থাকবেন বলেই তাঁর আশা।
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সিরিজটি সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন বাংলাদেশ কোচ। ক্যারিবীয়রা ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে এসেছে। পাশাপাশি ঘরের মাঠে নিজেদের সর্বশেষ দুটি টেস্ট সিরিজেও ভালো খেলেছে তারা।
অন্যদিকে, সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকায় বাংলাদেশের পুরো দলকে একসঙ্গে নিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি। তবে প্রস্তুতি নিয়ে অসন্তুষ্ট নন সিমন্স। দলের সঙ্গে থাকা ক্রিকেটাররা নিজেদের কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, সাদা বলের ক্রিকেট থেকে ফেরা খেলোয়াড়দের নিয়ে হাতে থাকা দুই দিনে প্রস্তুতি গুছিয়ে নিতে হবে।
টাইগারদের হেড কোচ বলেন, ‘আমি সন্তুষ্ট। যারা এখানে ছিল, তারা নিজেদের করণীয় কাজগুলো করেছে। এখন সাদা বলের ক্রিকেটে ব্যস্ত থাকা খেলোয়াড়েরা যোগ দিয়েছে। আমাদের হাতে দুই দিন আছে। এই সময়ের মধ্যে সবাইকে একসঙ্গে নিয়ে প্রস্তুতি গুছিয়ে নিতে হবে।’
উইকেট এখনো দেখেননি সিমন্স। গত রাতে বাংলাদেশে পৌঁছানো এই কোচের প্রত্যাশা, সিরিজে কঠোর পরিশ্রম করতে হবে দলকে।
Source: জাগো নিউজ২৪






