সাদা পোশাকে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের সাম্প্রতিক রান খরা নিয়ে আলোচনা চলছে। শেষ ১১ ইনিংসে কোনো ফিফটি নেই মুমিনুলের, আর মুশফিকের শেষ ১২ ইনিংসে এসেছে মাত্র একটি ফিফটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন দুজন। এর আগেও দক্ষিণ আফ্রিকার মাটিতে রান করতে পারেননি তাঁরা।
এমন পরিস্থিতিতে একাদশে দুজনের জায়গা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে কোনো সংশয় নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বরং মুশফিকের কাছ থেকে দলের আরও অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন তিনি। মুমিনুলের ক্ষেত্রেও আস্থা হারাননি অধিনায়ক।
মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘মুশফিক ভাইয়ের কথা বলব। আমার মনে হয়, এই চক্রে তিনি অনেক ভালো ক্রিকেট খেলছেন। আপনি যেটা বললেন, প্রায় ৪৪ গড়ে ব্যাটিং করছেন। শুধু ব্যাটিং নয়, ব্যাটিংয়ের পাশাপাশি ড্রেসিংরুমে কিংবা মাঠের মধ্যে তাঁর অভিজ্ঞতাও অনেক কাজে লাগে। তাই মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদমই কোনো সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে তিনি আরও ভালোভাবে ফিরে আসবেন।’
মুমিনুলকে নিয়েও একই বিশ্বাসের কথা জানান শান্ত, ‘মুমিনুল ভাই...হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে স্ট্রাগল করছেন। কিন্তু আমাদের দলে তাঁর অভিজ্ঞতা অবশ্যই কাজে দেবে। তিনি মানসিকভাবেও খুব শক্ত। আমার বিশ্বাস, এত দিন যেটা হয়নি, পরের ম্যাচে ইনশাআল্লাহ তিনি ভালো কিছু করবেন।’
মুশফিকের জায়গায় জাকের আলী অনিককে খেলানোর সম্ভাবনা নিয়েও শান্তকে প্রশ্ন করা হয়। জাকেরের সামর্থ্য নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও দুজনকে তুলনা করার ক্ষেত্রে সময়ের ব্যবধান মনে রাখার আহ্বান জানান অধিনায়ক।
শান্ত বলেন, ‘জাকের আলী টেস্ট ক্রিকেটে যে কয়টি ম্যাচ খেলেছে, খুব ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু একটা বিষয় আপনাদেরও মাথায় রাখতে হবে—আপনি কাকে কার সঙ্গে তুলনা করছেন। আমি আশা করি, জাকের আলী যখন ১০০ টেস্ট খেলবে, ইনশাআল্লাহ সে আরও ভালো করবে।’
তিনি যোগ করেন, ‘কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয়, মুশফিক ভাই বাংলাদেশের ক্রিকেটের জন্য যতটা করেছেন, এখনো যেভাবে করছেন, তাঁর আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। তিনি প্রতিদিন যেভাবে পরিশ্রম করেন, দলের জন্য খেলেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন; আপনি যখনই দেখবেন, দল বিপদে থাকলে তিনি বড় রান করেন কিংবা দলের জন্য ভালো স্কোর গড়ে দেন।’
শান্ত আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে তাঁকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি বিশ্বাস করি তিনি যত দিন খেলবেন, দলের উপকারই হবে। আর যখন জাকের আলীর সুযোগ আসবে, সেও এভাবেই ধারাবাহিকতা ধরে রাখবে।’
Source: জাগো নিউজ২৪






