মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে দুবাইয়ের জেবেল আলি বন্দরে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে হোয়াটসঅ্যাপে সংবাদমাধ্যমকে সেখানকার অবস্থা জানান ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান।

ক্যাপ্টেন জানান, প্রতিদিনই আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখা যায়, দূরে বিস্ফোরণের শব্দ শোনা যায়; তবে বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা ভালো মনে হয়েছে। আগের দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জান হাতে নিয়েই আছি’।

জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল বোঝাই করে কাতারের মেসাইদ বন্দর থেকে আসা জাহাজটি ২৬ ফেব্রুয়ারি জেবেল আলিতে পৌঁছে পরদিন ১০ নম্বর টার্মিনালে নোঙর করে, তার পরপরই সংঘাত শুরু হয়।

শফিকুল ইসলাম খান জানান, প্রথম দিনেই জাহাজের খুব কাছের একটি তেল স্থাপনায় হামলা হলে আতঙ্কিত নাবিকেরা জাহাজের ভেতরেই নিরাপদ জায়গায় আশ্রয় নেন। এখন ৯ নম্বর টার্মিনালে পণ্য খালাস চলছে, শেষ হতে আরও ৪-৫ দিন লাগবে; এরপর গন্তব্য কুয়েত।

শিপিং করপোরেশন, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও দূতাবাস নিয়মিত খোঁজ রাখছে বলে জানান তিনি। প্রয়োজনে হোটেলে যেতে বলা হলেও দেশের সম্পদ জাহাজটি ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন নাবিকেরা।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজে পর্যাপ্ত খাবার, পানি ও জ্বালানি রয়েছে, নাবিকেরা নিরাপদে আছেন এবং তাদের মনোবল চাঙা রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ২০২২ সালে অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।