ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যেসব প্রবাসী ও পর্যটক সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন, তাদের জন্য স্বস্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ে যারা দেশ ছাড়তে পারেননি কিংবা যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, তারা পাবেন ৩০ দিনের বিশেষ বাড়তি সময়, সঙ্গে জরিমানা মওকুফ।
দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) নিশ্চিত করেছে, অনিচ্ছাকৃতভাবে বাড়তি সময় থেকে যাওয়া পর্যটক ও প্রবাসীদের কোনো জরিমানা গুনতে হবে না।
সংঘাত তীব্র হয়ে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় অনেক প্রবাসী বিপাকে পড়েছিলেন। রেসিডেন্সি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া ব্যক্তিদের এখন আবার আমিরাতে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আর ভিজিট ভিসায় এসে আটকা পড়েছেন এবং এই সংকটের মধ্যেই ভিসার মেয়াদ শেষ হয়েছে, এমন ব্যক্তিরা পাচ্ছেন ৩০ দিনের গ্রেস পিরিয়ড।
দেশে ফেরা সহজ করতে আটকে পড়া বিদেশিদের বিনামূল্যে এক্সিট পারমিট বা দেশত্যাগের অনুমতি দেবে প্রশাসন, যাতে রুট খুলে গেলেই তারা ঝামেলা ছাড়া নিজ দেশে যেতে পারেন। আকাশপথে বিঘ্নের কারণে কোনো ফ্লাইট জরুরিভাবে আমিরাতে নামতে বাধ্য হলে সেই যাত্রীরাও বিনামূল্যে টেম্পোরারি ল্যান্ডিং পারমিট বা সাময়িক অবতরণের অনুমতি পাবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে সময়মতো ভিসার মেয়াদ বৃদ্ধি বা এক্সিট পারমিটের আবেদন করতে না পারাকে অভিবাসন আইন ভঙ্গ হিসেবে ধরা হবে না। পরিস্থিতির কারণে বাড়তি সময় থাকতে বাধ্য হওয়া ব্যক্তিরাই এ সুবিধা পাবেন, যাদের মধ্যে আছেন ডিপারচার পারমিটধারী, ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী এবং সম্প্রতি রেসিডেন্সি পারমিট বাতিল হওয়া ব্যক্তিরা।
আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, চলমান ভিসার কপি এবং পরবর্তী যাত্রার প্রমাণপত্র হাতে রাখতে বলা হয়েছে। দুবাইসহ বিভিন্ন শহরের প্রবাসীরা ঘোষণাটিকে স্বাগত জানিয়েছেন। তবে পরিস্থিতি বদলাতে পারে বলে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।






