আমিরাতের শারজাহ শহরে মো. হেলাল (২৫) নামের এক বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ১১ এপ্রিলের, শহরের ১০ নম্বর ইন্ড্রাস্ট্রিয়াল এলাকার।
পরিবারের দাবি, সহকর্মী বা মালিকপক্ষের কেউ হেলালকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাবা নুর আলম ও পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ কথা জানান।
হেলালের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে, চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে; বাবার নাম মো. নুর আলম। ২০২৩ সালের নভেম্বরে আমিরাতে গিয়ে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কোনট্রাকটিং’ নামের প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করছিলেন।
নুর আলমের অভিযোগ, কর্মস্থলেই তার ছেলেকে মেরে টয়লেটে ঝুলিয়ে রাখা হয়, তবে কারা এটি করেছে তা জানা যায়নি। এক সহকর্মীর মাধ্যমে তিনি মৃত্যুর খবর পান।
হেলালের ভাই ফয়সালও একই কোম্পানিতে ছিলেন, কিছুদিন আগে সমস্যায় পড়ে দেশে ফেরেন। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা।
হত্যার অভিযোগ তুলে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে সুষ্ঠু তদন্ত এবং মরদেহ দ্রুত দেশে আনতে সহায়তা চেয়েছেন নুর আলম।
কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম বলেন, এমন কোনো খবর এখনো তাদের কাছে আসেনি; খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।






