বিএনপির ক্যালিফোর্নিয়া শাখা প্রতিবছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রোববার বিকেলে লসঅ্যাঞ্জেলসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু), সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। আলোচকেরা রমজানের তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের ওপর জোর দেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত চেয়ে বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের কথা স্মরণ করা হয়।
আয়োজকদের ভাষায় ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতনে নিহতদের মাগফিরাত এবং আহত ও পঙ্গু হয়ে যাওয়া তৃণমূল নেতাকর্মীদের সুস্থতা চেয়েও দোয়া করা হয়। রাষ্ট্র পরিচালনায় বিএনপির নতুন যাত্রার সাফল্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের পথে এগিয়ে চলার জন্য প্রার্থনার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করা হয়।
সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। সামনেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
মাহফিলে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা ড. জয়নাল আবেদীন, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, খন্দকার আলম ও আবদুল বাছিতসহ দলের নেতাকর্মী এবং কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।






