যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা ‘সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনস’ বা এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির চেয়ার হয়েছেন বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসান। এ ধরনের মার্কিন পেশাজীবী সংস্থায় এত গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো বাংলাদেশি।
সংস্থাটির প্রেসিডেন্ট জে. ডন অ্যাবট সম্প্রতি এক চিঠিতে নিয়োগ নিশ্চিত করেন। দুই বছরের মেয়াদ এখনই কার্যকর, চলবে ২০২৮ সালের এসসিএআই সায়েন্টিফিক সেশন পর্যন্ত; কো-চেয়ার হিসেবে থাকবেন ডা. কওন লি।
আগামী ১২ মে ওরিয়েন্টেশন সভার মধ্য দিয়ে কমিটির কাজ শুরু হবে। কমিটির আন্তর্জাতিক লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা ও কনফারেন্স কল পরিচালনা, অ্যাডহক সাব-কমিটি গঠন এবং এসসিএআইয়ের কৌশলগত কাজের সঙ্গে কমিটির কাজের সামঞ্জস্য রাখা হবে ডা. আহসানের দায়িত্ব।
ডা. আহসান বর্তমানে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসের মেডিসিন বিভাগ এবং কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান। তার এ নিয়োগকে দেশের চিকিৎসাক্ষেত্রের জন্য গৌরবের হিসেবে দেখা হচ্ছে।






