যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) রাত ১২টার দিকে ট্রেন থেকে নেমে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিশাতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামে; ২০১৭ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তিনি। বাবা হেলাল আহমদ উডসাইডে একটি মসজিদের ইমাম। জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন রিসেপশনিস্ট ছিলেন নিশাত।
চার বোনের মধ্যে সবার বড় নিশাত ছোট বোনের জন্য কেক কিনতে বেরিয়েছিলেন। মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে জানাজার পর দাফন হয় নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে। তার মৃত্যুতে শোকাহত নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি।






