যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় আগামী ২৫ ও ২৬ এপ্রিল দুই দিনের সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন আয়োজন করছে ‘উত্তর আমেরিকা বিএনপি’। প্রবাসে দল গোছানো এবং বর্তমান প্রধানমন্ত্রী ও দলের কাণ্ডারি তারেক রহমানের হাত মজবুত করাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে।
স্বাগতিক হিসেবে পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- জর্জিয়া, যুক্তরাষ্ট্র’ শাখা। দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সব স্তরের কমিটি, শীর্ষ নেতা ও বিপুলসংখ্যক কর্মী এতে যোগ দেবেন।
সংশ্লিষ্টদের ধারণা, আলোচ্যসূচিতে থাকতে পারে উত্তর আমেরিকায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের রাজনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা, অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ডের বিষয়গুলো। তৃণমূলের কর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনাও দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষ নেতাদের অভ্যর্থনা এবং সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আয়োজনটি ঘিরে আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এটি প্রবাসে বিএনপির বড় সাংগঠনিক আয়োজনগুলোর একটি হতে যাচ্ছে এবং উত্তর আমেরিকায় দলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।






