যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরে উৎসবমুখর আয়োজনে স্বাধীনতা দিবস ২০২৬ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (১১ এপ্রিল) ম্যাকগ্লিন মিডল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড (বেইন)।

ম্যাসাচুসেটস ও আশপাশের অঙ্গরাজ্যগুলো থেকে হাজারো বাংলাদেশি এতে যোগ দেন। লাল-সাদা পোশাকে সেজে আসা মানুষের আড্ডা, উচ্ছ্বাস আর সাংস্কৃতিক আবহে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ।

আয়োজনের মানবিক দিক ছিল অসুস্থ ও বয়স্ক মানুষদের উপস্থিতি। কেউ এসেছেন হুইলচেয়ারে, কেউ স্বজনের হাত ধরে।

দেশীয় পোশাক, গয়নাসহ নানা পণ্যের স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়; অভিনেত্রী তানিয়া আহমেদের বুটিক স্টল ছিল বাড়তি আকর্ষণ। পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী দেশি খাবার প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের স্বাদ।

আয়োজনে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবাও ছিল। কনস্যুল জেনারেল মো. মোজাম্মেল হকের নেতৃত্বে প্রবাসীদের পাসপোর্টসহ নানা সেবা দেওয়া হয়।

দিনের দ্বিতীয় ভাগে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন বেইনের সভাপতি মাহাবুব-ই-খোদা (খোকা); তাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।