যুক্তরাষ্ট্রে ১৬ এপ্রিল থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন বলে শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে জানিয়েছেন তাঁর ভাই জাহিদ হাসান প্রান্ত। পোস্টে তিনি লেখেন, ‘আমার বোন আর নেই।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৩তম ব্যাচের এই শিক্ষার্থী পড়েছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগে। উচ্চশিক্ষার জন্য তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন।
একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও (২৭) বৃষ্টির সঙ্গে নিখোঁজ হন। তাঁর মরদেহ আগেই উদ্ধার করে ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি পুলিশ, আর গ্রেপ্তার হন লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬)।
১৬ এপ্রিল লিমনকে তাঁর অফ-ক্যাম্পাস বাসভবনে এবং এর এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে শেষবার দেখা যায়। দুজনের সাড়া না পেয়ে এক বন্ধু পুলিশে খবর দিলে তদন্ত শুরু হয়। শুক্রবার সকালে টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ মেলে, আর সেদিন সকালেই হিশামের বাড়ি থেকে পারিবারিক সহিংসতার একটি ফোনকল পেয়েছিল শেরিফ অফিস।






