ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে খুন হওয়া নোবিপ্রবির সাবেক ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় আসবে ৯ মে। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ এসেছে ৪ মে।
টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ, যিনি ২৬ বছর বয়সী মার্কিন তরুণ ও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
দূতাবাসের তথ্যমতে, ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটে মরদেহ রওনা হবে এবং দুবাইয়ে ইকে ০৫৮২ ফ্লাইটে বদলে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় নামবে।
তার আগে ৬ মে স্থানীয় সময় বেলা ২টায় টাম্পায় প্রথম জানাজা হওয়ার কথা। প্রক্রিয়াটি তদারক করছে মায়ামির কনস্যুলেট, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সমন্বয় করছে দূতাবাস।






