যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা টাম্পায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় এ জানাজা হয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি জানাজায় অংশ নেন। এরপর মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে দেওয়া হয়, যারা ৭ মে অরল্যান্ডো থেকে এমিরেটসের ফ্লাইটে তা পাঠাবে।

মরদেহ ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। কনস্যুলেটের সঙ্গে সমন্বয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়া তদারক করছে ওয়াশিংটন ডিসির দূতাবাস।

জামিল লিমন ও বৃষ্টির মরদেহ দেশে আনার সব খরচ বহন করছে সরকার। ৪ মে লিমনের মরদেহ ঢাকায় এলে তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে গিয়ে তা পরিবারকে বুঝিয়ে দেন।