ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে রওনা হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার (৭ মে) ফেসবুকে এ কথা জানান।
তিনি জানান, এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইট অরল্যান্ডো ছাড়ে রাত ৮টা ৫০ মিনিটে; দুবাইয়ে বিরতির পর ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহটি ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় নামবে। বিদায়ের সময় বিমানবন্দরে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি ছিলেন।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও বৃষ্টি ১৬ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। প্রেস মিনিস্টারের ভাষ্য, দূতাবাসের নির্দেশে কনস্যুলেট পুলিশ, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির সঙ্গে যুক্ত ছিল, আর দূতাবাস যোগাযোগ রেখেছে স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে।






