চিকিৎসাসেবার মান বাড়াতে দেশ ও উত্তর আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তরের (টেকনোলজি ট্রান্সফার) মাধ্যমে একজোট হয়ে কাজের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার। তিনি বিএমএসআরআই (বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট)-এর চেয়ারম্যান এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা।

গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্না পার্টি হলে’ বাংলাদেশি ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকার (বিডিএফএনএ) আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ, যিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি।

বিডিএফএনএর সমাজকল্যাণমূলক ও পেশাগত কাজের প্রশংসা করে ডা. ডোনার বলেন, দেশের চিকিৎসাব্যবস্থা আধুনিক করতে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে অভিজ্ঞ প্রবাসী চিকিৎসকদের জ্ঞান ও প্রযুক্তি দেশে আনা জরুরি। নবীন ও অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে সেতুবন্ধ গড়তে বিডিএফএনএ ও ড্যাবের মতো সংগঠনকে কার্যকর প্ল্যাটফর্ম হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

ড্যাব সভাপতি বলেন, দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবং চিকিৎসকদের অধিকার রক্ষায় সংগঠনটি সব সময় কাজ করছে। উত্তর আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের এ উদ্যোগ দেশের চিকিৎসাব্যবস্থার মান বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মুজিবুর রহমান মজুমদার, যিনি বিডিএফএনএর চিফ অ্যাডভাইজর ও নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিশেষজ্ঞ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ড. ইবরুল চৌধুরী, যিনি জেফারসন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। সঞ্চালনায় ছিলেন বিডিএফএনএর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র সায়েন্টিস্ট ড. জাহিদ দেওয়ান শামীম; সমন্বয়ক ছিলেন ডা. মাহবুবুর রহমান লিপন, ড. নাসরিন শাহানা চাঁদনী ও ডা. খায়রুল সিদ্দিক রিপন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির নাসিম আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, মুস্তাক আহমেদ, মোতাহার হোসেন, শেখ আলী, মোহাম্মদ বাচ্চু মিয়া, এ জি জাহাঙ্গীর হোসাইন, মো. মান্নান হুসাইন, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, ফয়েজ চৌধুরী ও আহবাব চৌধুরী উপস্থিত ছিলেন।