যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। নতুন কর্মজীবন শুরুর কয়েক সপ্তাহের মাথায় তার মৃত্যুতে শোকাহত পরিবার, সহপাঠী ও চিকিৎসক সমাজ।

অদিতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাবুল সাহার একমাত্র মেয়ে। ঢাকার আইডিয়াল স্কুল থেকে এসএসসি ও কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে পড়েন।

এমবিবিএস শেষ করে সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপর ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE) শেষ করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শুরু করেছিলেন অদিতি। স্বপ্নের সেই যাত্রা শুরুর অল্প দিনের মাথায় শিকাগোর সড়কে দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।

অদিতির মৃত্যুর খবরে দেশে-বিদেশে সহপাঠী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোকাহত। মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ একজন চিকিৎসক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন অনেকে।