যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের প্রার্থী ট্রাম নুয়েনের সমর্থনে বোস্টনে আয়োজিত এক সন্ধ্যায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন বাংলাদেশি কমিউনিটির নানা স্তরের নেতারা। ‘অ্যান ইভিনিং উইথ ট্রাম নুয়েন’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন বদরে আলম সাইদ ও শামসুন নাহার। বদরে আলম সাইদ বিএনপি নিউ ইংল্যান্ডের সভাপতি, আর শামসুন নাহার আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বৃহত্তর বোস্টন ও নিউ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। আলোচনায় উঠে আসে ট্রাম নুয়েনের রাজনৈতিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা।

মূলধারার রাজনীতিকদের সঙ্গে বাংলাদেশিসহ অভিবাসী জনগোষ্ঠীর যোগাযোগ এবং নীতিনির্ধারণে কমিউনিটির অংশ নেওয়ার গুরুত্বও আলোচনায় আসে। সামাজিক, ব্যবসায়িক ও কমিউনিটি কর্মকাণ্ডে যুক্ত অতিথিরা প্রার্থীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

আয়োজকেরা অতিথি ও কমিউনিটির নেতাদের ধন্যবাদ জানান। কমিউনিটির স্বার্থ ও আগামী প্রজন্মের কথা ভেবে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের আরও সক্রিয় হওয়ার ওপর জোর দেন তারা।