রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (১৪ আগস্ট) মাগরিবের নামাজের পর জ্যাকসন হাইটস জামে মসজিদে এ আয়োজন হয়। একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীও স্মরণ করা হয়।
দোয়ার শুরুতে মাহবুব আলী খানের কর্মজীবন ও অবদান স্মরণ করেন আলহাজ সোলাইমান ভূঁইয়া। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক এই সহ-সভাপতি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে মাহবুব আলী খান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করায় বড় ভূমিকা রাখেন। দক্ষিণাঞ্চল ও তালপট্টিসহ জাতীয় নানা ইস্যুতে তার অবদানের কথাও তুলে ধরে তিনি মুসল্লিদের দোয়ার অনুরোধ জানান।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মোনাজাতে মাহবুব আলী খানের পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতও চাওয়া হয়।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় বিশেষ মোনাজাত হয়। জিয়া পরিবারের কল্যাণ এবং মাহবুব আলী খানের স্ত্রী ও দুই মেয়েসহ পরিবারের জন্যও দোয়া করা হয়। দলের তিন অসুস্থ নেতা শাহাদাত হোসেন রাজু, আব্দুস সবুর ও রুহুল আমিন নাসিরের আরোগ্য কামনায়ও মোনাজাত হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা জাকির এইচ. চৌধুরী, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী ও নাসিম আহমেদসহ অনেকে অংশ নেন। বহু মুসল্লিও দোয়ায় শরিক হন।





