বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে আলোচনা সভা করেছে স্থানীয় বিএনপি সমর্থক গোষ্ঠী। স্থানীয় সময় শনিবার বিকেলে এ অনুষ্ঠান হয়; আগামী ১ সেপ্টেম্বর দলটির ৪৮ বছর পূর্ণ হবে।

শুরুতে কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন মোহাম্মাদ মোসলেহ উদ্দিন। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়; দেশ ও জাতির জন্যও দোয়া হয়।

বক্তব্য দেন জাতিসংঘের শান্তি দূত ও ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টির সাবেক সহসভাপতি পিটার কু, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক বিভাগের সদস্য ও সাবেক ভাইস মেয়র তেরেসা কক্স এবং সিলিকন ভ্যালি শহরের কাউন্সিলর ও মেয়র প্রার্থী কেরেন হাড্ডি। সমর্থক গোষ্ঠীর পক্ষে বলেন জালাল মাহমুদ, আজিজ চৌধুরী, আব্দুর শিকদার ও মোকাররম চৌধুরী প্রমুখ।

বক্তারা সিলিকন ভ্যালি ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধ গড়ার কথা বলেন। পিটার কু বলেন, ভবিষ্যতে বাংলাদেশে ডাটা সেন্টার গড়ার কাজ শুরু হতে পারে; তেরেসা কক্স সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজের আগ্রহ জানান। কেরেন হাড্ডি বাংলাদেশের মানুষের পাশে থেকে সহযোগিতার আশা প্রকাশ করেন।

আজিজ চৌধুরীর ভাষ্য, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সবার আগে বাংলাদেশ নীতিতে তারা বিশ্বাসী। ফাইয়াজ জামান, মীর আনোয়ার, বরকত ওসমান ও আবু দুলালসহ সিলিকন ভ্যালির নানা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রকৌশলী, গবেষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।