যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন আরেক বাংলাদেশি রাসেল (৩৯); দুজনেরই বাড়ি নোয়াখালীতে।

রোববার (২৩ আগস্ট) ভোরে ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ হামলা হয়। পুলিশের তদন্তকারীদের বরাতে জানা যায়, রেস্তোরাঁকর্মী রাজুর মাথায় ও রাসেলের পায়ে গুলি লাগে; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রাজুকে মৃত ঘোষণা করেন।

হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; নিউইয়র্ক পুলিশ তদন্ত শুরু করলেও স্থানীয় সময় রোববার রাত ৯টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

ব্রুকলিনে বসবাসরত নোয়াখালীর কমিউনিটি নেতা শহিদুল্লাহ কাইসারের দাবি, এক গ্রাহক বিল না মিটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন; রাজু ও রাসেল টাকা চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যান।

ইউসুফ রাজুর বাড়ি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে; প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিকের ভাষ্য, স্বজনেরা দেশ থেকে ফোন করে মরদেহ দ্রুত পাঠানোর অনুরোধ করেছেন; সরকারের সহযোগিতা চেয়েছেন রাজুর মা লাকি আক্তার ও বাবা মোহাম্মদ উল্লা।