যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যাওয়া বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ফেসবুকের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পোস্টে এই ভিসায় নিষিদ্ধ কাজগুলোর কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, সন্তানের মার্কিন নাগরিকত্বের জন্য সেখানে গিয়ে জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ এই ভিসায় অনুমোদিত নয়। মার্কিন কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক মেলে এমন কাজ, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা এবং অর্থের বিনিময়ে কাজও এর আওতার বাইরে।
এর আগে ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল দূতাবাস। তখন বলা হয়, পড়াশোনার বাইরে কাজে জড়ানো, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে না যাওয়া বা প্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা থেকে সরে দাঁড়ালে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।






