বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মিসভা করেছে নিউ জার্সি স্টেইট (সাউথ) বিএনপি, আমেরিকা। প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন খোকন, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
খোকন জানান, জাতিসংঘে ভাষণ দিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকায় আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে ফুল দিয়ে তাকে স্বাগত জানাতে এবং জাতিসংঘে ভাষণের সময় অভিনন্দন জানাতে নিউইয়র্কের বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের বলেন তিনি।
দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের সতর্ক করেন খোকন। তার দাবি, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, ১৮ কোটি মানুষের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার; মেয়াদ মাত্র ৬ মাস হওয়ায় সরকারকে সময় দেওয়া এবং এর ভালো কাজের প্রশংসা করা উচিত।
সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদার। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এইচএম রেজা। শুরুতে সাধারণ সম্পাদক এম. রহমান বাবুল গত কয়েক বছরের দলীয় কর্মসূচি ও হাসিনাবিরোধী আন্দোলনের কথা তুলে ধরেন।
সভায় দোয়া ও মোনাজাত করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্য। জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলে সংগঠন ও প্রধান অতিথির পক্ষে এর তীব্র নিন্দা এবং দোষীদের বিচার দাবি করা হয়।
প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের কথা শোনেন এবং করণীয় জানিয়ে দেন। প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বাবুল এবং উপদেষ্টা নাসির উদ্দিন সিকদার, জহিরুল ইসলাম সেন্টু ও সুহেল আহমদসহ শতাধিক নেতাকর্মী সভায় ছিলেন।





