সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়া ঠেকাতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঘোষিত এ নীতিতে ‘বার্থ ট্যুরিজম’-এ জড়িত ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

রুবিওর অভিযোগ, কিছু বিদেশি বাণিজ্যিক নেটওয়ার্ক অর্থের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিচ্ছে। তার দাবি, তারা ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে বিদেশিদের তালিম দেয়, যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের ব্যবস্থা করে এবং এ জন্য নেয় কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ডলার।

নতুন নীতির আওতায় পড়বেন বাণিজ্যিক জন্ম পর্যটন নেটওয়ার্কের মালিক, পরিচালক ও ব্যবস্থাপক, ভিসা আবেদনে জালিয়াতিতে সাহায্যকারী এবং এমন ভ্রমণে জেনেশুনে সহায়তা দেওয়া বিদেশি চিকিৎসাসেবাদাতারা।

সরকারি সুবিধার অপব্যবহার ঠেকাতে, করদাতাদের স্বার্থ রক্ষায় এবং নাগরিকত্বের মর্যাদা সমুন্নত রাখতে ট্রাম্প প্রশাসন সব উপায় কাজে লাগাচ্ছে বলে জানান রুবিও। তার ভাষায়, প্রতারকদের ভিসা সীমিত করে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিচ্ছে যে অভিবাসনব্যবস্থার অপব্যবহার সহ্য করা হবে না।

পররাষ্ট্র দপ্তর জানায়, অভিবাসন ও জাতীয়তা আইনের যে ধারায় নীতিটি কার্যকর হবে, সেটি ২১২(এ)(৩)(সি); কিছু ক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞায় পড়তে পারেন।