যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে মিথ্যা তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, অসত্য তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে।
দূতাবাসের ভাষ্য, সাক্ষাৎকার নেওয়ার সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই জানেন।
তাই কিছু গোপন না করে বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে পুরোপুরি সত্য বলার ওপর জোর দিয়েছে দূতাবাস। মিথ্যা তথ্য বা জাল কাগজপত্র দিলে ভিসা আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।






