নিউইয়র্কের আলবানিতে দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশিসহ চারজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) ও নাজমুলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭); লাউডনভিলে থাকতেন তারা। চতুর্থ নিহত ব্যক্তি ৬২ বছর বয়সী জুলিয়া রিচি।

নিউইয়র্কের প্রবাসী কমিউনিটির সূত্রমতে, সেদিন সন্ধ্যায় সবাই মিলে প্রাইভেটকারে বেড়াতে বের হন, চালকের আসনে ছিলেন নাজমুল। রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের দাগ পেরিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়, চারজন ঘটনাস্থলেই মারা যান।

আহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও নাতনি ইকরা (১) আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবরটি নিশ্চিত করেছেন হীরামনের ছোট বোন রাজিয়া বেগম।

রাজিয়া বেগম জানান, বুধবার (৮ এপ্রিল) জোহরের পর ব্রনক্সের বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজা শেষে দাফন হবে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে।